বার্তা সংস্থা আবনা : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ জানিয়েছেন, তার দেশের পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে এবং সেনাবাহিনী জনগণের সমর্থন পাচ্ছে।
লেবাননের একটি জাতীয় প্রতিনিধিদলকে দামেস্কে স্বাগত জানিয়ে বাশার আল-আসাদ এ কথা বলেন। দামেস্ক সফররত প্রতিনিধিদলে রয়েছেন লেবাননের জাতীয় রাজনৈতিক দল ও জোটের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা।
এ সময় প্রেসিডেন্ট আসাদ অঙ্গিকার ব্যক্ত করে বলেন, সিরিয়াকে সব ধরনের সন্ত্রাসবাদ মুক্ত করা হবে। তিনি আরো জানান, তার সরকার সন্ত্রাসীদের সঙ্গে কোনো রকমের আপোষ করবে না বরং তাদেরকে শক্ত হাতে দমন করবে।
এদিকে, সিরিয়ার সেনাবাহিনীর হাতে বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা আরো ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে- রাজধানী দামেস্কের কাছে গতকাল (রোববার) সেনাবাহিনীর হামলায় বহু বিদ্রোহী নিহত হয়েছে। এ সময় প্রচুর গোলাবারুদ ধ্বংস এবং অনেক অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ছাড়া, গত কয়েকদিনে হামা ও হোমস প্রদেশের বিভিন্ন এলাকায় একই ধরনের সফলতা পেয়েছে সিরিয়ার সামরিক বাহিনী।